রাজনীতি মানেই সমাজসেবা ও কল্যাণ সাধন
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় ঢাকা মহানগর উত্তর ড্যাবের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত ১৫-১৬ বছরের অন্যায় শাসনামলের সময় করোনা, বন্যা কিংবা প্রচণ্ড শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি কোনো বছরই বাদ যায়নি। সেই ধারাবাহিকতায় এখনো কাজ চলছে। তাঁর মতে, রাজনীতি মানেই সমাজসেবা, রাজনীতি মানেই মানুষের কল্যাণ সাধন।
ড্যাবের সমাজসেবামূলক উদ্যোগ
ডাক্তারদের সংগঠন ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ) উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, এই সংগঠনটি প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, বিএনপি ও তার আদর্শে বিশ্বাসী পেশাজীবী সংগঠনগুলোর একটাই উদ্দেশ্য— বড় বড় কথা বা ফাঁকা বক্তৃতা নয়, কাউকে হেয় করা বা ভিডিও ভাইরাল করে চরিত্র হনন নয়।
নির্বাচনী প্রচারণায় তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার বিষয়ে রিজভী বলেন, তিনি একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা। ফ্যাসিবাদী ও আওয়ামী দুঃশাসনের প্রবল আক্রমণের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। আইন করে তার কণ্ঠ রোধ করা হয়েছিল। তারপরও তিনি দৃঢ়তার সঙ্গে প্রযুক্তির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতৃত্ব দিয়েছেন।
তারেক রহমানের নির্বাচনী বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তিনি কাউকে আক্রমণ করছেন না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন না। তিনি স্পষ্ট করে বলছেন— বিএনপি জনগণের ভোট পেলে কী করবে, যেমন: ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ২৫ কোটি বৃক্ষরোপণসহ বিভিন্ন বাস্তবভিত্তিক প্রতিশ্রুতির কথা বলছেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।