• রাজনীতি
  • চাঁদাবাজদের বুকে টেনে নিয়ে হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

চাঁদাবাজদের বুকে টেনে নিয়ে হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

রাজনীতি ১ মিনিট পড়া
চাঁদাবাজদের বুকে টেনে নিয়ে হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা চাঁদাবাজি করছেন তাদের বুকে টেনে নিয়ে সম্মানের কাজ তুলে দিতে চাই।

চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে করে থাকেন, তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছি।’

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে কোনও মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও করিনি। আমাদের ৮টি মামলায় আসামি মাত্র একজন করে। সে জায়গায় কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে মামলা করেছেন। শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা বলি তোমাদের ঘরেও তো মা বোন আছে। যেকোনও কিছুর বিনিময়ে আমাদের মা-বোনদের সম্মান আমরা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কুষ্টিয়ার চালকলে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায়, তো এ জন্য বললাম বেসরকারি খাজনা। প্রতি ট্রাকে ৫ হাজার। ট্রাকের ড্রাইভার থেকে চালকলের মালিক পর্যন্ত সবাই অতিষ্ঠ। আমরা দেশের সব মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেবো। যারা চাঁদাবাজি করো তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেবো সেদিন তোমরাও সম্মানের সঙ্গে এ দেশে বসবাস করবে।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা কী করছেন তাও আমরা দেখেছি। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।’

Tags: জামায়াত আমির চাঁদাবাজ বুকে টেনে সম্মান কাজ তুলে রিজিক