সালামানকায় ভয়াবহ হামলা
প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি যানবাহনে করে লোমা দে ফ্লোরেস পাড়ার 'কাবানিয়াস' মাঠে আসে। সেখানে উপস্থিত লোকজনের ওপর তারা নির্বিচারে গুলি চালায়। স্থানীয় ক্লাবগুলোর ম্যাচ শেষ হওয়ার পর অনেক পরিবার সেখানে সামাজিক মেলামেশার জন্য অবস্থান করছিল। প্রতিবেশীদের ভাষ্যমতে, বন্দুকধারীরা গুলি চালানোর সময় অন্তত ১০০ গুলির শব্দ শোনা যায়। নিহত ১১ জনের মধ্যে অন্তত একজন নারী ও একটি শিশু রয়েছে।
তদন্ত ও সহিংসতার পেছনের কারণ
বর্তমানে স্থানীয় ও ফেডারেল নিরাপত্তা বাহিনী এই ভয়াবহ ঘটনার তদন্ত করছে। যে রাজ্যে ঘটনাটি ঘটেছে, সেই গুয়ানাহুয়াতো গত বছর পুরো মেক্সিকোর মধ্যে সর্বোচ্চসংখ্যক হত্যাকাণ্ডের রেকর্ড করেছে। এ হামলার মাত্র একদিন আগে শহরটিতে আরও কয়েকটি সহিংস ঘটনা ঘটেছিল, যাতে মোট পাঁচজন নিহত এবং একজন অপহৃত হন।
গুয়ানাহুয়াতো রাজ্যে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক গ্যাংগুলোর সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তেল ও জ্বালানি চুরি, মাদক পাচার এবং চাঁদাবাজির মতো অপরাধে তারা জড়িত। গ্যাং সদস্যরা প্রায়ই রাষ্ট্রীয় তেল কোম্পানি 'পেমেক্স'-এর তেলবাহী ট্যাংকার ট্রাক আটকে দেয় এবং তেলের পাইপলাইন ফুটো করে তেল চুরি করে। সালামানকা শহরে পেমেক্সের একটি বড় শোধনাগার থাকায় এটি বিশেষভাবে গ্যাং-সংশ্লিষ্ট হামলার শিকার হয়েছে।