টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পিঠের চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স। ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য কামিন্সকে ছাড়াই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্যাট কামিন্সের পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস।
নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, কামিন্সের সেরে উঠতে আরও সময়ের প্রয়োজন। ডোয়ারশুইসের বাঁহাতি বোলিং বৈচিত্র্য এবং ব্যাটিং দক্ষতা দলের জন্য সহায়ক হবে বলে তারা মনে করছেন। এদিকে, প্রাথমিক দলে থাকা ম্যাট শর্টকে বাদ দিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাথু রেনশকে। সম্প্রতি বিগ ব্যাশ লিগে (বিবিএল) দুর্দান্ত পারফরম্যান্স (৫৯.৮০ গড়ে ২৯৯ রান) করলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি লিজেন্ডারি ব্যাটার স্টিভ স্মিথের।
নির্বাচকরা মূলত টপ অর্ডারের আধিক্য এবং শ্রীলঙ্কার স্পিন বান্ধব কন্ডিশনের কথা চিন্তা করে মিডল অর্ডারকে বেশি গুরুত্ব দিয়েছেন। মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ 'বি'-তে তাদের অন্য প্রতিপক্ষগুলো হলো জিম্বাবুয়ে (১৩ ফেব্রুয়ারি), শ্রীলঙ্কা (১৬ ফেব্রুয়ারি) এবং ওমান (২০ ফেব্রুয়ারি)। অজি দলটি বর্তমানে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।