'বুম্বাদা'র ভয় সুদীপ্তা চক্রবর্তীকে!
পর্দায় দাপুটে চরিত্রে অভিনয় করলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পান এবং তাকে ঈর্ষাও করেন। অভিনেতার ব্যাখ্যা, সুদীপ্তা কখন, কীভাবে তার ডায়লগ ডেলিভার করবেন, তা আগে থেকে বোঝা মুশকিল। তিনি 'জ্যেষ্ঠপুত্র' সিনেমার উদাহরণ টেনে বলেন, বাবার মৃত্যুর শোকের মাত্র ৩-৪ দিন পর সেটে বাবার মৃতদেহের সামনে কান্নার দৃশ্যে সুদীপ্তার অভিনয় এতটাই বাস্তব ছিল যে, ইউনিটের সবাই বাস্তবে কাঁদতে শুরু করেছিলেন।
ঋতুপর্ণার সময়জ্ঞান নিয়ে কটাক্ষ
ঋতুপর্ণা সেনগুপ্তের দেরি করে আসার অভ্যাস টলিউডে বহুচর্চিত। প্রসেনজিৎ এই প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন, "ঋতুপর্ণা ভীষণ টাইমে আসে! সকাল ১০টা বললে মোটামুটি রাত ১০টার মধ্যে ঢুকে পড়ে।" অন্যদিকে, রাইমা সেনকে নিয়ে তার মজার মন্তব্য, "রাইমা একেবারে শিশু বাচ্চাদের মতো। একটু বকলেই কেঁদে দেয়। তবে কেঁদেটেদে ও যে শটটা দেয়, সেটা দারুণ।"
জয়া আহসানের রসগোল্লা রহস্য
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্পর্কে প্রসেনজিৎ এক মজার তথ্য দেন। তিনি বলেন, জয়া প্রচুর রসগোল্লা খান, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার গায়ে একটুও চর্বি জমে না! জয়াকে তিনি 'ভেরি ক্যালকুলেটিভ' ও 'প্রস্তুত অভিনেত্রী' হিসেবে উল্লেখ করেন।
রচনা ব্যানার্জির কঠোর পেশাদারিত্ব
'দিদি নম্বর ওয়ান' খ্যাত রচনা ব্যানার্জির পেশাদারিত্বে উচ্ছ্বসিত প্রসেনজিৎ। তিনি জানান, রচনার মতো প্রফেশনাল তিনি খুব কম দেখেছেন। রচনার একটি অদ্ভুত নিয়মের কথাও ফাঁস করেন তিনি। প্রসেনজিৎ বলেন, “সন্ধে ৭টার পর রচনাকে কেউ এক ফোঁটা জলও খাওয়াতে পারবে না। ও ভীষণ নিয়ম মেনে চলে।” তবে শুটিংয়ে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে আসা রচনার পুরোনো অভ্যাসের কথাও মনে করিয়ে দেন তিনি।
অন্যান্য নায়িকাদের গোপন কথা
শ্রাবন্তীকে ছোটবেলা থেকেই চেনেন প্রসেনজিৎ এবং তার মিমিক্রি করার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। পাওলি দাম সম্পর্কে তিনি বলেন, সিরিয়াস চরিত্রের বাইরে পাওলি কমেডিতেও দুর্দান্ত হতে পারেন, যা অনেকেই জানেন না। এছাড়া অপরাজিতা আঢ্য সেটে ঢুকলেই একটা আলাদা 'গ্লো' বা ইতিবাচক আভা তৈরি হয় বলে মন্তব্য করেন প্রসেনজিৎ।
সবশেষে, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ যদি আবার তৈরি হয়, তবে নিজের চরিত্রে আজকের প্রজন্মের দেব, জিৎ, অঙ্কুশ বা বনি—সবাইকে মিলিয়ে একটি মাল্টিস্টার কাস্টের ইচ্ছাই প্রকাশ করেন তিনি।