মানসিক নির্যাতন ও প্রতারণার অভিযোগ
গত ৩১ জানুয়ারি রাত ২টা ১৭ মিনিটে এক স্ট্যাটাসে ফারিন খান প্রথমবার তার এই মানসিক যন্ত্রণার কথা প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, “বিগত ২ বছর যাবত মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, অনেক নির্যাতিত হচ্ছি আমি। আগামী ১৫ তারিখ সব প্রকাশ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।” অভিনেত্রী আরও জানান, বিষয়টি নিয়ে তিনি বহুবার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার এই স্ট্যাটাস দ্রুতই ভক্ত ও নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দেয়।
ধর্মীয় লেবাসধারীর দিকে আঙুল
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া আরও একটি পোস্টে ফারিন খান প্রতারণাকারীর ধর্মীয় ভান বা লেবাস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, “জুলুম, অত্যাচার, মিথ্যাচার, প্রতারণা কি বড় পাপ, নাকি বিশ্বাস করা ও ভালোবাসা বড় পাপ? হজ-নামাজ করে জুলুম-প্রতারণা কি বেশি হারাম?” এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, ধর্মপ্রাণ লেবাসধারী কোনো ব্যক্তির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি একজন মিডিয়া কর্মী
একই দিন বিকেলে দেওয়া তার সর্বশেষ পোস্টে ফারিন খান অভিযুক্ত ব্যক্তির পরিচয় আরও স্পষ্ট করে দেন। তিনি সরাসরি জানান, তার ওপর নির্যাতনকারী ব্যক্তিটি বিনোদন মাধ্যমেরই একজন কর্মী। ফারিন লেখেন, “একজন মিডিয়া কর্মী হয়ে সে যে কত বড় জালেম, তার প্রমাণ দিতে চাই ১৫ তারিখ।” এই বিস্ফোরক মন্তব্যের পর শোবিজ অঙ্গনে এখন একটাই গুঞ্জন—কে সেই প্রভাবশালী মিডিয়া কর্মী, যার মুখোশ উন্মোচন হতে যাচ্ছে আগামী ১৫ তারিখ? নেটিজেনরা এখন অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষায়।