দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশ মঞ্চের আশপাশে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টায় বক্তব্য শুরু করেন তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
তারেক রহমান বলেন, শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। তাই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই। ধানের শীষকে জয়যুক্ত করতে মা-বোনসহ সবার কাছে আবদার করছি।
তিনি বলেন, বিএনপি ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করলে ঢাকা মহানগরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। এ সময় ঢাকাকে নিরাপদ নগর হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। মা-বোনদের নিরাপদ চলাচল ও নিরাপদে ব্যবসা-বাণিজ্যের পথ সুগমের পরিকল্পনার কথা জানান। তিনি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করারও প্রতিশ্রুতি দেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনি সমন্বয়ক আবদুস সালাম ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় নেতারা।