ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল ও জোটের প্রার্থীর জয় নিয়েই ভাবছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থীরা। গাজীপুরের ৫টি আসনে অন্যান্য দলের প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী।
এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন ও নারী ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৯ জন।
ঢাকার সন্নিকটে শিল্পসমৃদ্ধ গাজীপুরের ৫টি আসনের দিকে সবার দৃষ্টি। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ঢাকার সাথে গাজীপুরের মানুষের ছিল ব্যাপক ভূমিকা। এক সময় এ আসনগুলো আওয়ামী লীগের দখলে ছিল।
গত ২৭ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরে রাজবাড়ি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তার জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পরে গাজীপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যেমন সাড়া ফেলেছে তেমন উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। সমাবেশে নেতাকর্মীরা গাজীপুরের ৫টি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করেন। সে লক্ষ্যেই তারা কাজ করছেন। গাজীপুর যে বিএনপির ঘাঁটি তা এবার তারা প্রমাণ দিতে চায়। গাজীপুর-১, ২ ও ৩ আসনটিতে তারা ভূমিধস বিজয়ের অপেক্ষায় প্রহর গুনছেন।
অপর দিকে এর এক সপ্তাহ পর ১১ দলীয় জোট নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একই স্থানে সমাবেশ করেছেন। এ জনসভায়ও বিপুল সংখ্যক নেতাকর্মীগণের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই সমাবেশে জামায়াতের নেতারা গাজীপুরের ৫টি আসনেই বিজয় উপহার দেবেন বলে জানান।