মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে উগ্র খ্রিস্টান ধর্মীয় উস্কানি ব্যবহারের এ দাবি করেছে ‘মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন’ (এমআরএফএফ) নামে একটি নজরদারি সংস্থা।
এমআরএফএফ জানায়, তারা মার্কিন মেরিন, বিমান বাহিনী এবং স্পেস ফোর্সসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা থেকে ২০০টিরও বেশি অভিযোগ পেয়েছে। অভিযোগগুলোয় বলা হয়েছে, কমান্ডাররা ইরান যুদ্ধের যৌক্তিকতা বোঝাতে বাইবেলের উদ্ধৃতি ব্যবহার করছেন।
একজন নন-কমিশন্ড অফিসার (এনসিও) তার অভিযোগে জানান, তাদের ইউনিটকে যেকোনো মুহূর্তে ইরানে মোতায়েন করা হতে পারে। তাদের কমান্ডার নির্দেশ দিয়েছেন যেন সেনাদের বলা হয় এটি ঈশ্বরের পরিকল্পনা। কমান্ডার দাবি করেছেন, যিশু খ্রিস্টের পৃথিবীতে পুনরায় ফিরে আসার পথ প্রশস্ত করতে এবং আর্মাগেডন (মহাযুদ্ধ) শুরু করতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করা হয়েছে।
১৫ জন সেনার পক্ষ থেকে দায়ের করা ওই অভিযোগে বলা হয়, তাদের কমান্ডার বাইবেলের ‘বুক অব রেভুলেশন’ থেকে উদ্ধৃতি দিয়ে এই যুদ্ধকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছেন।
ভুক্তভোগীদের মধ্যে খ্রিস্টান ছাড়াও মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বী সেনাও রয়েছেন। এমআরএফএফের প্রেসিডেন্ট এবং বিমান বাহিনীর সাবেক সদস্য মাইকি ওয়াইনস্টাইন বলেন, সামরিক বাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলা সাধারণ চাকরির মতো সহজ নয়। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তার অবাধ্য হওয়া কঠিন।
তিনি আরও বলেন, এই ধরনের প্রচার মার্কিন সংবিধানের চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিজেই খ্রিস্টান জাতীয়তাবাদের সমর্থক হিসেবে পরিচিত। তিনি এমন এক মতাদর্শে বিশ্বাস করেন যা সমকামিতার জন্য মৃত্যুদণ্ড এবং কঠোর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলে। এমনকি তিনি নারীদের সামরিক নেতৃত্বের বা সম্মুখ যুদ্ধের ভূমিকারও বিরোধী।
এই গুরুতর অভিযোগের বিষয়ে পেন্টাগনের কাছে জানতে চাওয়া হলে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তারা ইরান অভিযানের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীর কিছু পাবলিক ভিডিও ক্লিপ শেয়ার করেছে।