• আন্তর্জাতিক
  • ট্রাম্পের চাপে নতি না স্বীকার করার ইঙ্গিত স্টারমারের

ট্রাম্পের চাপে নতি না স্বীকার করার ইঙ্গিত স্টারমারের

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ট্রাম্পের চাপে নতি না স্বীকার করার ইঙ্গিত স্টারমারের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেও নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সম্প্রতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। এমনকি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমানকে হামলা চালানোর অনুমতিও দেননি তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে স্টারমার তার এই কঠোর অবস্থানের পেছনের কারণগুলো পরিষ্কার করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তার প্রধান লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করে একটি ধীরস্থির ও বিচক্ষণ নেতৃত্ব বজায় রাখা। তিনি জোর দিয়ে বলেন, বাইরের চাপ যতই থাকুক না কেন, নিজেদের আদর্শ ও নীতির ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার সক্ষমতা থাকা জরুরি।

বিশ্লেষকরা মনে করছেন, স্টারমারের এই সরাসরি বক্তব্য মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চাপের একটি শক্ত জবাব। ইরান সংকট নিয়ে যুক্তরাজ্যের অবস্থান দীর্ঘদিনের; আর সেটি হলো আলোচনার মাধ্যমে দেশটিকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনা।

স্টারমার আরও স্পষ্ট করেন, প্রথম দফার এই হামলায় যুক্তরাজ্যের অংশ না নেওয়ার সিদ্ধান্তটি কোনো তাড়াহুড়ো নয়, বরং অত্যন্ত পরিকল্পিত। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি এই সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছেন।

এদিকে, কিয়ার স্টারমারকে ‘লুজার’ বা পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি বন্ধুদের সঙ্গে এক ব্যক্তিগত নৈশভোজে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চরম বিরক্তি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহের মধ্যে আয়োজিত এক ডিনারে স্টারমার সম্পর্কে এমন অবমাননাকর শব্দ ব্যবহার করেন ট্রাম্প। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, স্টারমারকে লুজার বলতে শুরু করেছেন ট্রাম্প। তিনি মনে করেন স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে।

গত জুলাই মাসেও স্টারমারের পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসা করেছিলেন ট্রাম্প।

এমনকি তাকে একজন ‘উইনার’ বা বিজয়ী হিসেবেও বর্ণনা করেন। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিবাসন এবং জ্বালানি নীতির কড়া সমালোচনা করেন। তিনি যুক্তরাজ্যে ‘শরিয়া আদালত’ বন্ধ এবং উত্তর সাগরে তেল-গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ দেন।

Tags: ট্রাম্প ইঙ্গিত স্টারমার