রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা এ অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সাহায্য করতে পারে।
বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। তবে মস্কোর এই সহায়তার পরিধি কতটা তা এখনো স্পষ্ট নয়।
হোয়াইট হাউস এ প্রতিবেদন হালকাভাবে নিলেও তেহরানকে মস্কোর গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়টি অস্বীকার করেনি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার বলেন, এর ফলে ইরানে সামরিক অভিযানে কোনো পার্থক্য তৈরি হচ্ছে না, কারণ আমরা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি।
প্রতিরক্ষা সচিব হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছু ট্র্যাক করছে’ এবং যুদ্ধ পরিকল্পনায় তা বিবেচনা করছে।
রাশিয়া-ইরান সম্পর্ক নতুন নয়।
পরমাণু কর্মসূচি এবং হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো গোষ্ঠীগুলোকে সমর্থনের কারণে ইরানের মিত্র কম। হাতে গোনা কয়েকটি মিত্র দেশের একটি রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে রাশিয়া। পাঁচ বছর ধরে চলা সেই যুদ্ধে সহায়তার প্রতিদানস্বরূপ মস্কো তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা সতর্ক করছেন, এই নতুন মাত্রার সহযোগিতা মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে।