• দেশজুড়ে
  • বগুড়া সারিয়াকান্দিতে শিক্ষক হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বগুড়া সারিয়াকান্দিতে শিক্ষক হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

দেশজুড়ে ১ মিনিট পড়া

আজিজ আহমেদ রুবেল,বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কোচিং সেন্টারের পরিচালক চয়ন কুমার রায় হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানায়। শনিবার সকালে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকা থেকে নিহত চয়ন কুমার রায়ের পরিচালিত দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার–এর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন ফকিরের ছেলে শাহীন ফকির (৪০)–এর সঙ্গে একই গ্রামের তুলারাম রজভরের ছেলে চয়ন কুমার রায়ের (২৮) দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে শাহীন ফকিরের লোকজন বিরোধপূর্ণ জমিতে অবস্থান নিলে খবর পেয়ে চয়ন কুমার রায় ও তার লোকজন সেখানে বাধা দিতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে চয়ন কুমার রায় ও তার বড় ভাই নয়ন রায় (৩৪) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চয়ন কুমার রায়কে মৃত ঘোষণা করেন। পরে আহত নয়ন রায়কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই প্রদীপ রায় সারিয়াকান্দি থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন শাহীন ফকির (৪০), আমিনুর ফকির (৪৫), ফাইন ফকির (৪২), রাহাত মিয়া (২০), রাকিব ফকির (২৬), রাব্বি ফকির (২১), নূরনবী জনি (২৮) ও তাহের ফকির (৪৫)। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ৫ আসামি—শাহীন ফকির, আমিনুর ফকির, রাব্বি ফকির, রাকিব ফকির ও তাহের ফকিরকে গ্রেপ্তার করেছে। তাদের শনিবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ।