সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন। এক পর্যায়ে চিকিৎসাকর্মীদের একটি স্ট্রেচারে করে একজনের মরদেহ বলে ধারণা করা হচ্ছে এমন একজনকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচতলা ওই আবাসিক ভবনের উপরের কয়েকটি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করতে নিরলসভাবে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
লেবাননের তৃতীয় বৃহত্তম শহর সাইদার পূর্ব উপশহরের আল-ফুয়ার এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, সিভিল ডিফেন্স এবং লেবানন রেড ক্রিসেন্টের সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সূত্র বলছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা