বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিদ্রূপের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, সালমান আলী আগা ও ফাহিম আশরাফরা। তবে সব সমালোচনাকে ছাড়িয়ে গেছে সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমলের মন্তব্য।
আকমলের তীব্র কটাক্ষ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের কাছে ১১ রানে হারার পর পাকিস্তানের মান নিয়ে প্রশ্ন তুলেছেন আকমল। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এক অনুষ্ঠানে বলেন, “এটা ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। দ্বিপক্ষীয় সিরিজই যদি জিততে না পারেন, তবে উন্নতি হবে কীভাবে? তারা কি এখন আইসিসির কাছ থেকে ট্রফি চুরি করবে?”
অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ম্যাচে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আকমল। তার মতে, ব্যাটিং সহায়ক পিচে আগে ব্যাটিং করা উচিত ছিল। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৯০ রান সংগ্রহ করে, যা আকমলের মতে আরও বেশি হতে পারত। লিটন দাসের ধীরগতির ইনিংসের কারণে বাংলাদেশ ৩৫০ রানের সুযোগ হাতছাড়া করেছে বলে তিনি মন্তব্য করেন।
পাকিস্তান ক্রিকেট এখন ‘কমেডি শো’ সিরিজ চলাকালীন পাকিস্তান দলের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আকমল। এই সিরিজে ছয়জন নতুন ক্রিকেটারকে অভিষেক করিয়েছে পাকিস্তান। দলের এই অগোছালো অবস্থাকে ‘কমেডি শো’ হিসেবে বর্ণনা করে আকমল বলেন, “হার-জিতের চেয়ে ম্যানেজমেন্টের কাছে এখন পরীক্ষা-নিরীক্ষার শখ বেশি কাজ করছে। ৩০ জন ক্রিকেটার দেওয়া হলে হয়তো তারা সবাইকে এই সিরিজে খেলিয়ে দিত।”
বাংলাদেশের পরবর্তী লক্ষ্য নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর বাংলাদেশ দল এক মাসের বিরতি পাচ্ছে। এরপর আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। কিউইদের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।