• জাতীয়
  • মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা অনেক কষ্টে আছেন।

তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যেন নিরাপদে থাকতে পারেন। প্রয়োজনে সুস্থভাবে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে। বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে।

শামা ওবায়েদ বলেন, আপনাদের সন্তান হিসেবে আমিও আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যখন সংসদে বসি, তখন মনে হয় আমি সালথা-নগরকান্দার সব মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। এখন সময় দল-মত-নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার। ঝগড়া-বিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সালথায় একটি গার্লস স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কী হয়েছে, তা না দেখে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে হবে। নেতারা ঐক্যবদ্ধ থাকলে জনগণের সমস্যাও কমে যাবে। পাশাপাশি উন্নয়ন কাজও সহজ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমুখ।

Tags: নিরাপত্তা প্রবাসী মধ্যপ্রাচ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিতে সরকার