এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদ চত্বর সিলগালা করে রাখায় হাজার হাজার মুসল্লি পবিত্র এই স্থানের যতটা সম্ভব কাছে গিয়ে ঈদের নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে দেখা গেছে, শত শত মুসল্লি ওল্ড সিটির (পুরানো শহর) বাইরে নামাজ পড়ছেন। কারণ ইসরায়েলি পুলিশ আল-আকসার প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে রেখেছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের দোহাই দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই রমজান মাসে মুসলিমদের জন্য আল-আকসা চত্বর কার্যত বন্ধ করে দেয় ইসরায়েল। কর্মকর্তারা একে নিরাপত্তার খাতিরে নেওয়া পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও ফিলিস্তিনিরা বলছেন, এটি পবিত্র এই স্থানের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার একটি বৃহত্তর কৌশলের অংশ।