জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে'কে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক।
উল্লেখ্য, বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
পরে উদ্ধার অভিযান চালিয়ে বাসটি নদী থেকে তোলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।