• ক্যাম্পাস
  • কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬: বিশ্বসেরার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬: বিশ্বসেরার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

ইতিহাস গড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়; গতবছরের ৯টি বিভাগ ছাপিয়ে এবার ১০টি বিভাগ কিউএস র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত।

ক্যাম্পাস ১ মিনিট পড়া
কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬: বিশ্বসেরার তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং-২০২৬'-এ ইতিহাস গড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ১০টি বিভাগ এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে, যা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এই সংখ্যা বৃদ্ধি পাওয়াকে দেশের উচ্চশিক্ষার জন্য একটি ইতিবাচক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং সংস্থা কিউএস তাদের ২০২৬ সালের বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। গত বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি নির্দিষ্ট বিভাগ এবং ৩টি প্রধান বিষয়ভিত্তিক ক্যাটাগরি বৈশ্বিক তালিকায় জায়গা করে নিয়েছে।

সামাজিক বিজ্ঞান ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে শীর্ষে কিউএস প্রতিবেদন অনুযায়ী, ‘সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বে ৩৭১তম, যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অধীনে থাকা অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ৩০১-৩৭৫ এর মধ্যে, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস ৩০১-৩৫০ এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ৪০১-৪৫০ এর মধ্যে অবস্থান করছে।

প্রকৃতি বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে সাফল্য ‘ন্যাচারাল সায়েন্স’ ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০১-৫৫০ এর মধ্যে স্থান পেয়েছে। এর অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১-৬০০, পরিবেশ বিজ্ঞান ৪০১-৪৫০ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১-৫৫০ এর মধ্যে অবস্থান করছে। অন্যদিকে, ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৩৬৪তম। এই শাখার অধীনে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

লাইফ সায়েন্স ও অন্যান্য বিষয় ব্রড সাবজেক্ট হিসেবে লাইফ সায়েন্স ও মেডিসিনে মূল তালিকায় স্থান না পেলেও, এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগ ৬৫১-৭০০ এর মধ্যে জায়গা করে নিয়েছে। প্রতি বছর একাডেমিক খ্যাতি, নিয়োগকর্তাদের সুনাম এবং গবেষণার মানদণ্ডের ওপর ভিত্তি করে কিউএস এই র‍্যাঙ্কিং প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক উন্নতি দেশের উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: dhaka university qs-world-university-rankings-2026 higher-education-bangladesh qs-subject-ranking du-success