• দেশজুড়ে
  • জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের অকাল প্রয়াণ: শোকস্তব্ধ সিলেট

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের অকাল প্রয়াণ: শোকস্তব্ধ সিলেট

দেশজুড়ে ১ মিনিট পড়া
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের অকাল প্রয়াণ: শোকস্তব্ধ সিলেট

সিলেটের প্রিয় মুখ দীপের ২১ বছর বয়সে মালয়েশিয়ায় আকস্মিক মৃত্যু, শোকের ছায়া অনুরাগী মহলে

সিলেটের অত্যন্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। মাত্র ২১ বছর বয়সে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দীপের আকস্মিক প্রয়াণে তার পরিবার, বন্ধু-স্বজন এবং অগণিত অনুরাগীমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নগরের গোপালটিলায় দীপের পৈতৃক বাড়িতেও ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা।

মৃত্যুর কারণ ও বিস্তারিত

দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু ,দীপের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে দীপকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দীপ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যেই তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, মালয়েশিয়ায় একটি হোস্টেলে একা বসবাস করতেন দীপ। হঠাৎ শরীর খারাপ হওয়ায় তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে সাধারণ বিভাগে ভর্তি করা হলেও পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

দীপের কর্মজীবন ও জনপ্রিয়তা

দীপংকর দাশ দীপ ছিলেন সিলেটের অন্যতম জনপ্রিয় 'ফ্যামিলি কনটেন্ট ক্রিয়েটর'।

দীপের ভিডিওগুলোতে তার মা, ছোট ভাই, নানি এবং বন্ধুদের নিয়ে তৈরি হাস্যরসাত্মক ও ইতিবাচক বার্তা সংবলিত কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। তার সহজ-সরল উপস্থাপনা এবং পারিবারিক বন্ধনের সুন্দর চিত্রায়ন দর্শকদের মন জয় করে নিয়েছিল। অল্প সময়ের মধ্যেই তিনি ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে বিশাল সংখ্যক অনুরাগী তৈরি করতে সক্ষম হয়েছিলেন।

শোকস্তব্ধ সিলেট ও কনটেন্ট ক্রিয়েটর মহল

দীপের মৃত্যুতে সিলেটজুড়ে সামাজিক সংগঠন, কনটেন্ট ক্রিয়েটর মহল, তরুণ সমাজ, অনুরাগী এবং সংস্কৃতি কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে অসংখ্য মানুষ দীপের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রকাশ করছেন।

সিলেটের আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং দীপের বন্ধু নুরুল আমিন জনি বলেন, "মঙ্গলবার রাতে হঠাৎ করে দ্বীপের বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। অন্য একটি হাসপাতালে স্থানান্তরের পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীপের মরদেহ দেশে আসতে আরও দুই-একদিন সময় লাগতে পারে।"

দীপের অকাল প্রয়াণ সিলেটের ডিজিটাল বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো। তার সৃষ্টিশীল কাজ এবং ইতিবাচক বার্তাগুলো ভক্তদের মনে চিরকাল অম্লান হয়ে থাকবে।