রাজধানীর মিরপুরের পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় গোলাম কিবরিয়াকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে ৩ জন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
রাত ৮টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, “নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”