বিধ্বংসী ব্যাটিংয়ে লক্ষ্য সহজ করল টাইটান্স
আবুধাবি টি-টেন লিগে জয়ের ধারায় ফিরতে পারল না তাসকিন আহমেদের দল নর্দার্ন ওয়ারিয়র্স। আগের ম্যাচে জয়ের নায়ক তাসকিন আহমেদ শুক্রবার (২১ নভেম্বর) আজমান টাইটান্সের বিপক্ষে থাকলেন বিবর্ণ। তার খরুচে বোলিংয়ের দিনে দলও হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। ২ ওভার হাতে রেখেই ১১৯ রানের লক্ষ্যমাত্রা টপকে যায় আজমান।
ওয়ারিয়র্সের দেওয়া লড়াকু লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে টাইটান্স। বিশেষ করে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর ৮ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা, যা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। তার ৩৩ রানের ক্যামিওর পর অনেরিন ডোনাল্ডের ১২ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে জয়ের ভিত পেয়ে যায় আজমান।
বল হাতে এদিন একেবারেই ছন্দে ছিলেন না তাসকিন। নিজের কোটার ২ ওভারে তিনি খরচ করেন ৩৬ রান। একমাত্র সাফল্য হিসেবে ১৯ রান করা রাইলি রুশোকে ফেরালেও ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় তার দল। ওয়ারিয়র্সের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ১৫ রানে ২ উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
একাই লড়লেন চার্লস, শেষ ওভারে জামানের হ্যাটট্রিক
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নর্দার্ন ওয়ারিয়র্সের সংগ্রহ আরও বড় হতে পারত, যদি না শেষ ওভারে হ্যাটট্রিকের শিকার হতো তারা। পাকিস্তানি পেসার জামান খান ইনিংসের শেষ ওভারে ওডেন স্মিথ (১৭), শহীদ ভুট্টা (০) এবং উজাইর খানকে (০) ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ওয়ারিয়র্সকে ১১৮ রানে আটকে দেন।
দলের এই সংগ্রহে মূল অবদান রেখেছেন ওপেনার জনসন চার্লস। তার ২৩ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংসেই মূলত লড়াই করার মতো পুঁজি পায় ওয়ারিয়র্স। অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। এই ম্যাচে তাসকিন আহমেদকে ব্যাটিংয়ে নামতে হয়নি।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওয়ারিয়র্স। সেই ম্যাচে তাসকিন ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে এসে আবারও হারের বৃত্তে প্রবেশ করল তার দল।