দিনাজপুর সদর উপজেলায় এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিনাজপুর-দশমাইল মহাসড়কে উপজেলার নশিপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান।
নিহতরা হলেন সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫), একজন শিশু (অজ্ঞাত)। এ ঘটনায় অটোচালক ও একজন শিশু দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মর্জিনা, তানজিলা, সুমী সম্পর্কে একে অপরের জা এবং সাদিয়া নিহত মর্জিনার ভাগ্নি।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, তারা সবাই একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলেন। পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন ও দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।
এই ঘটনার পর থেকে দিনাজপুর দশমাইল মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে ব্যারিকেট দিয়ে রেখেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।