চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ৮৮০টি অবকাঠামো স্থাপনা ও প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।
পরিবর্তিত নামের তালিকা নিয়ে একটি প্রকাশনা বের করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার ফেইসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, “শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তাদের পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে নামকরণ করা ৮৮০টি প্রতিষ্ঠান, অফিস, স্কুল, গবেষণাগার এবং এমনকি ছোট ছোট সরকারি স্থাপনার তালিকা তৈরি করতে ১৬০ পৃষ্ঠার একটি সংকলন প্রয়োজন হয়েছে।
“এই সংকলনটি শেখ হাসিনার দেশ পরিচালনার পদ্ধতি প্রতিফলিত করে। যেখানে তার দৃষ্টিতে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকার সময় পারিবারিক বন্ধন সবকিছুর চেয়ে প্রাধান্য পেয়েছিল।” প্রেস সচিব আরও বলেন, বইটির কপি ইতোমধ্যেই বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন গণমাধ্যমে পাঠানো হয়েছে।
গত জুনে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রবল গণআন্দোলনের মুখে গতবছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে।