দেশে গত একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন রোগী। তাতে চলতি বছরের এ পর্যন্ত ৩৬৬ জনের প্রাণ গেল এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৬৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।
চলতি নভেম্বর মাসের এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৮ জন, যা এ বছরের কোনো মাসে সর্বোচ্চ। আর চলতি মাসের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১০৭ জন।
এর আগে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে অক্টোবর মাসে। আর ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, অগাস্টে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।