• দেশজুড়ে
  • মেলান্দহে কারখানায় হামলা-ভাঙচুরের অভিযোগে নারীসহ আটক ৫

মেলান্দহে কারখানায় হামলা-ভাঙচুরের অভিযোগে নারীসহ আটক ৫

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে ১ মিনিট পড়া
মেলান্দহে কারখানায় হামলা-ভাঙচুরের অভিযোগে নারীসহ আটক ৫

‘অস্ত্রধারী একটি চক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করেছিল

জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রিন বায়োটেকনোলজি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় হামলা ঘটনা ঘটে। পরে পুলিশ পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন জান্নাতুল হুমায়রা জেমি (২২), মো. মাসুম (২৫), মোহাম্মদ সানি (২৬), লিখন আহমেদ সাকিব (২৭) ও মোশারফ মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারী কারখানায় হামলা করে। পরে পুলিশ তিনজনকে হাতে-নাতে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রিন বায়োটেকনোলজির ইনর্চাজ নজরুল ইসলাম বলেন, ‘দুষ্কৃতিকারীরা পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। প্রথমে তারা গুলি ও ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে, পরে কারখানার গেট ভাঙচুর করে। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।’

তিনি আরো বলেন, ‘এই প্রতিষ্ঠান মেলান্দহসহ পুরো জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত শত পরিবার এখান থেকে জীবিকা নির্বাহ করে। কিন্তু দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী কার্যক্রম শিল্প উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে।’

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রধারী একটি চক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করেছিল। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটকরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে।

Tags: নারী হামলা ভাঙচুর অভিযোগ