বাঙালি মানেই ‘সুইট টুথ’ বা মিষ্টিপ্রেমী। চায়ে এক চামচ বাড়তি চিনি কিংবা শেষ পাতে একটু মিষ্টি না হলে যেন দিনটাই অসম্পূর্ণ। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা। আধুনিক স্বাস্থ্যশাস্ত্রে চিনিকে আখ্যায়িত করা হচ্ছে ‘হোয়াইট পয়জন’ বা সাদা বিষ হিসেবে। এটি কেবল ক্ষুদ্র শিকলবিশিষ্ট দ্রবণীয় কার্বোহাইড্রেট নয়, বরং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ বিকল করে দেওয়ার এক নীরব ঘাতক।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উৎস (যেমন- ফল বা আখ) থেকে আসা চিনি বা সুক্রোজ শরীরে গিয়ে ফ্রুক্টোজ ও গ্লুকোজে রূপান্তরিত হয়, যা পরিমিত মাত্রায় গ্রহণ করা নিরাপদ। কিন্তু রিফাইন্ড বা পরিশোধিত চিনি এবং প্রসেসড ফুডে থাকা ‘হিডেন সুগার’ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ওজনাধিক্য, ডায়াবেটিস কিংবা হার্টের অসুখ—এই সবই কি তবে চিনির দান? চলুন জেনে নেওয়া যাক, অতিরিক্ত চিনি খাওয়ার ভয়ানক সব পরিণতি এবং বাঁচার উপায়।
ক্ষুধা নিয়ন্ত্রণ ও হরমোনের ভারসাম্যহীনতা
চিনি বা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা পায়—এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। এর পেছনে রয়েছে হরমোনের কারসাজি। চিকিৎসাবিজ্ঞান বলছে, অতিরিক্ত চিনি ‘লেপটিন’ (Leptin) হরমোনের প্রতিরোধক হিসেবে কাজ করে। এই লেপটিনই মস্তিষ্ককে সংকেত দেয় যে পেট ভরেছে। কিন্তু চিনি বেশি খেলে এই সিগন্যাল বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, ক্ষুধা নিবৃত করার হরমোন ‘গ্রেলিন’ (Ghrelin) চিনির ফ্রুক্টোজে কাজ করে না। ফলে আপনি প্রচুর ‘ক্যালোরি’ গ্রহণ করলেও মস্তিষ্ক মনে করে শরীর অভুক্ত, যার ফলে ওবেসিটি বা মেদভুঁড়ির সমস্যা দ্রুত বাড়ে।
ইনসুলিন রেজিস্ট্যান্স ও ডায়াবেটিস ঝুঁকি
খাবারকে শরীরের ব্যবহারযোগ্য শক্তিতে বা ‘এনার্জি’তে রূপান্তর করতে সহায়তা করে ইনসুলিন হরমোন। কিন্তু মাত্রাতিরিক্ত চিনি এই হরমোনের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে দেয়। ফলে দেখা দেয় ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’। যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদের জন্য চিনি এড়িয়ে চলা বাধ্যতামূলক। রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়লে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
লিভারের ওপর অতিরিক্ত চাপ ও ফ্যাটি লিভার
চিনি বিপাক প্রক্রিয়ায় লিভার বা যকৃতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশোধিত চিনিতে থাকা ফ্রুক্টোজ একমাত্র লিভারই প্রসেস বা বিপাক করতে পারে। যখন প্রয়োজনের অতিরিক্ত চিনি খাওয়া হয়, লিভার সেই বাড়তি ফ্রুক্টোজকে চর্বিতে বা ‘ফ্যাট’-এ পরিণত করে। এই চর্বি লিভারে জমতে জমতে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার’ রোগের জন্ম দেয়, যা পরবর্তীতে লিভারের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে দিতে পারে।
কিডনি বিকল ও ইউরিক অ্যাসিডের হানা
চিনির প্রভাব কেবল লিভারেই সীমাবদ্ধ নয়, কিডনির ওপরেও এর ভয়ানক প্রভাব রয়েছে। বিশেষ করে কোমল পানীয় বা কার্বনেটেড বেভারেজের সঙ্গে গ্রহণ করা বাড়তি চিনি কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চিনি খেলে কিডনির ছাঁকনি বা ফিল্ট্রেশন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। এছাড়া চিনিতে থাকা উপাদান রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা গেঁটে বাত বা ‘আর্থ্রাইটিস’-এর ব্যথাবেদনা তীব্র করে তোলে।
ক্যানসার ও হৃদরোগের সংযোগ
সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, মাত্রাতিরিক্ত চিনি প্যানক্রিয়েটিক ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় (সূত্র: বিজনেস ইনসাইডার)। এছাড়া উচ্চমাত্রায় চিনি গ্রহণ শরীরে ‘ব্যাড কোলেস্টেরল’ বা এলডিএল-এর মাত্রা বাড়ায় এবং ‘গুড কোলেস্টেরল’ কমিয়ে দেয়। প্রতিদিন ৭৩-৭৪ গ্রাম বা তার বেশি চিনি খেলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে, যা হৃদরোগের ঝুঁকি ত্বরান্বিত করে।
চিনির কি কোনো গুণ নেই?
এত সব অপকারিতার ভিড়ে চিনির কিছু তাৎক্ষণিক উপকারিতাও রয়েছে। যেমন:
ইনস্ট্যান্ট এনার্জি: শরীরে গ্লুকোজের ঘাটতি হলে বা রক্তচাপ হঠাৎ কমে গেলে (Low BP) চিনির শরবত তাৎক্ষণিক টনিক হিসেবে কাজ করে।
ত্বকের যত্ন: চিনিতে থাকা ‘গ্লাইকোলিক অ্যাসিড’ ত্বকের টোন ঠিক রাখতে এবং দাগ দূর করতে সাহায্য করে।
বিষণ্নতা রোধ: সাময়িকভাবে চিনি ‘মুড বুস্টার’ হিসেবে কাজ করে এবং বিষণ্নতা কাটাতে সহায়তা করে।
ক্ষত নিরাময়: কাটাছেঁড়ায় চিনির দানা প্রলেপ হিসেবে লাগালে তা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করতে পারে।
সতর্কতা ও পরিমিতবোধ
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন তিন থেকে পাঁচ চামচের বেশি চিনি খাওয়া উচিত নয়। তবে মনে রাখতে হবে, আমরা সারা দিনে বিস্কুট, কেক বা সসের মাধ্যমেও প্রচুর ‘হিডেন সুগার’ গ্রহণ করি। তাই চা বা কফিতে আলাদা চিনি যোগ করার আগে এবং মিষ্টিজাতীয় খাবার খাওয়ার আগে স্বাস্থ্যের কথাটি একবার ভাবুন। মিষ্টি আসক্তি বা ‘সুগার ক্রেভিং’ কমিয়ে আনাই সুস্থ থাকার প্রথম ধাপ।