• জাতীয়
  • শহীদ মিনারে চলছে কর্মচারীদের সমাবেশ, বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা

শহীদ মিনারে চলছে কর্মচারীদের সমাবেশ, বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় ১ মিনিট পড়া
শহীদ মিনারে চলছে কর্মচারীদের সমাবেশ, বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা

নবম পে-স্কেল ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতনের গেজেট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা দেওয়ার দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা।

বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করেন। প্রতিবেদনটি লেখার সময় তারা শহীদ মিনারে অবস্থান করছেন।

জানা গেছে, এ সমাবেশে সংহতি জানাতে বিকেল ৩টায় শহীদ মিনারে যাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রতিনিধি দল।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি কর্পোরেশনসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের নিয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই সমাবেশ আহ্বান করা হয়েছে।

সমাবেশ থেকে তারা কয়েকটি দাবি জানিয়েছেন। এর মধ্যে বেতন বৈষম্য কমিয়ে ৪ অনুপাত ১ অনুযায়ী ১২ গ্রেডের ভিত্তিতে নবম পে-স্কেল বাস্তবায়ন করা এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকায় পে-স্কেল করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার কথা বলা হয়েছে।

সমাবেশে দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী এবং সমন্বয়ক মো. মাহমুদুল হাসান উপস্থিত রয়েছেন। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসাইন আজিজী, ইসলামী বক্তা রফিকুল ইসলাম আফসারী সমাবেশে উপস্থিত হয়েছেন।

Tags: ঘোষণা কর্মসূচি শহীদ মিনারে চলছে কর্মচারী সমাবেশ বিকেলে নতুন