পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ‘মোবাইল ফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।
কাওরান বাজার মোড়ে গিয়ে দেখা গেছে, সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি (আইসিটি) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
অবরোধের কারণে কাওরান বাজার ও আশেপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চারদিকের সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কাওরান বাজারের জ্যাম পৌঁছেছে বাংলামোটর মোড় হয়ে শাহবাগ পর্যন্ত। এই জ্যামের কারণে মালিবাগ থেকে বাংলামোটরের সড়কেও দেখা দিয়েছে গাড়ির জটলা।
আবার কাওরান বাজার থেকে শুরু করে গাড়ির জটলা গিয়ে ঠেকেছে বিজয় সরণি হয়ে আশপাশের সড়কেও। ফলে সারাদিনের কর্মব্যস্ততা শেষে অফিসগামীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
কাওরান বাজারে মাসুম নামের একজন বলেন, ‘মালিবাগ থেকে বাসে চড়ি ফার্মগেট যাওয়ার জন্য। কিন্তু ফ্লাইওভারে উঠেই গাড়ি জ্যামে আটকে যায়। একই স্থানে প্রায় পৌনে এক ঘণ্টা বসে থেকে বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আজকাল কিছু হলেই সড়ক অবরোধ করা হচ্ছে। যে কেউ যেকোনও দাবি নিয়ে সড়কে দাঁড়িয়ে যাচ্ছেন। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। এই বিষয়টি কেউই খেয়াল রাখে না। এভাবে আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা ঠিক না। আন্দোলন করতে হলে সড়কের পাশে করা উচিত।’
ইয়াসিন নামের এক মোটরসাইকেলচালক জানান, তিনি উবারের মাধ্যমে রাইড শেয়ার করেন। মগবাজার থেকে যাত্রী উঠিয়েছেন মিরপুর যাবেন বলে। কিন্তু কাওরান বাজারে এসে আটকে পড়েন। আন্দোলনের কারণে এক জায়গায়তেই আটকে আছেন প্রায় ৪০ মিনিট।