এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তা
চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারেননি । গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে খেলার সময় হাঁটুর অস্বস্তি অনুভব করার পর থেকেই ক্লাব তাকে নিয়ে সতর্ক। হাঁটুতে অস্বস্তি ছাড়াও তাঁর আঙুল ভাঙার সমস্যাও রয়েছে । যদিও শুক্রবার তিনি অনুশীলনে ফিরেছেন, তবে সাম্প্রতিক দিনগুলোতে তিনি দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করেননি। ক্লাব-ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আলাভেসের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। তবে শেষ মুহূর্তে যদি তাঁর হাঁটুর অবস্থার উন্নতি হয়, তবে তাঁকে ভিটোরিয়া সফরকারী দলে রাখা হতে পারে ।
অন্যান্য অনুপস্থিত খেলোয়াড়
ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আরও বেশ কয়েকজন তারকা খেলতে পারবেন না। অনুপস্থিতির তালিকায় আছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাবা, ফেরলান মেন্ডি এবং এদের মিলিতাও ।
এর পাশাপাশি, কার্ডজনিত কারণে নিষিদ্ধ আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়াও খেলতে পারবেন না । ফলস্বরূপ, প্রথম দলের কোনো স্বীকৃত ফুলব্যাক ছাড়াই রিয়ালকে মাঠে নামতে হতে পারে। এমন পরিস্থিতিতে একাডেমির কিশোর ডিফেন্ডার ভিক্তর ভালদেপেনিয়াসকে দলে টানার সম্ভাবনা রয়েছে ।
এছাড়া, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, আন্তোনিও রুডিগার এবং ডিন হাউসেনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে ।
লা লিগায় রিয়ালের অবস্থান ও গুরুত্ব
লা লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ বর্তমানে বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে আলাভেসের বিপক্ষে এই ম্যাচটি রিয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । শেষ পাঁচটি লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় কোচ জাবি আলোনসোর ওপর চাপ আরও বেড়েছে । এই সংকটময় পরিস্থিতিতে আলাভেসের বিপক্ষে ম্যাচটি রিয়ালের চলতি মৌসুমের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।