• দেশজুড়ে
  • উখিয়া থানা ও পুলিশ ফাঁড়িসহ একাধিক ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার

উখিয়া থানা ও পুলিশ ফাঁড়িসহ একাধিক ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার

নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা ও জনমুখী পুলিশিং জোরদারের নির্দেশ

দেশজুড়ে ১ মিনিট পড়া
উখিয়া থানা ও পুলিশ ফাঁড়িসহ একাধিক ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার

যায়েদুর রহমান: উখিয়া (কক্সবাজার)

কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ থানা ও পুলিশ ফাঁড়িসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে উখিয়া থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসহ কক্সবাজার সদর মডেল থানা এবং রামু থানা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) এসব ইউনিট পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানা ও ফাঁড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং দাপ্তরিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি অপরাধ দমন ও প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান অঙ্গীকার। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে জনমুখী পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও মানবিক করার নির্দেশনা দেন তিনি।

বিশেষভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা, টহল ব্যবস্থা, তথ্য সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মোঃ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়ির ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন।

পুলিশ প্রশাসনের এই সরেজমিন তদারকিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tags: পুলিশ পর্যালোচনা কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ থানা ফাঁড়িসমূহের সার্বিক কার্যক্রম