মোটরসাইকেল মালিকের বক্তব্য
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নানকে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানিয়েছেন, তিনি মিরপুরের মাজার রোড থেকে বাইকটি কিনেছিলেন। তবে পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করার কারণে সেটি প্রথম দিকে তাঁর বাসাতেই পড়ে ছিল। পরে সেটি নষ্ট হয়ে যেতে পারে এই ভেবে তিনি একটি শোরুমে বিক্রি করে দেন।
আব্দুল হান্নান আদালতকে আরও জানান, তিনি শোরুম কর্তৃপক্ষকে ‘নাম চেঞ্জ’ বা মালিকানা পরিবর্তন করে দেওয়ার কথা বলেছিলেন। দুই মাস আগে শোরুম থেকে ফোন করা হলেও, তিনি অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তনের জন্য সেখানে যেতে পারেননি।
গ্রেপ্তার ও রিমান্ড আবেদন
এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে র্যাব মো. আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ায় পল্টন মডেল থানার এসআই সামিম হাসান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মূল আসামি দেশেই আছে: ডিএমপি
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি এখনো দেশেই রয়েছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই হামলায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হলেন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপারকারী।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী, তারা দেশ থেকে পালিয়ে যাননি। পুলিশ ফয়সালের পাসপোর্ট নম্বর পেয়েছে এবং তাঁর সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী, দেশে আসার পর তাঁর বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।