রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে— আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।’
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির দ্বারা গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। নির্বাচন সময়মতোই হবে। নির্বাচনের পথে বাধা সৃষ্টির যেকোনো চেষ্টার বিষয়ে কমিশন ও সরকার উভয়ই অবহিত এবং সতর্ক রয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, ‘ডেভিল হান্ট ফেইজ-২’ সমন্বিতভাবে চলবে। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট সব বাহিনীর গোয়েন্দা তথ্য সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সীমান্ত অঞ্চল, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চল ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে সাম্প্রতিক প্রবণতার দিকেও নজর দিতে বলা হয়েছে বলে জানান ইসি সদস্য। এসব ঘটনার সঙ্গে বৃহত্তর কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।