ভোট নয়, ইমান রক্ষার গুরুত্ব
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন সুটিয়াকাঠি আলহাজ আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২২তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ছারছীনা পীর এ কথা বলেন। তিনি আরও বলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আকিদা ও আমলের ওপর থেকে এই দুনিয়ায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। তাঁর মতে, আমার কথায় কে খুশি হলো বা কে বেজার হলো, তা দেখার সময় তাঁর নেই; তিনি কেবল ঈমান নিয়ে বাঁচতে চান।
সুদকে হালাল করার প্রচেষ্টার সমালোচনা
ছারছীনা পীর তাঁর বক্তব্যে এক শ্রেণির মানুষের ইসলামের নামে সুদকে হালাল করার প্রচেষ্টার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। অতএব, যে ব্যক্তি সুদ খায় বা সুদকে হালাল মনে করে, তার সঙ্গে চলাও জায়েজ নয়। তিনি সবাইকে বুঝে-শুনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
‘ওমরের শাসন’ চাওয়া প্রসঙ্গে
ইসলামের শাসন ও হজরত ওমর (রা.)-এর শাসন প্রসঙ্গে পীর সাহেব গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, অনেকে ইসলামের শাসন চায়, হজরত ওমর (রা.)-এর শাসন চায়। হজরত ওমর (রা.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের একজন। তিনি রাতের আঁধারে একা একা ঘুরে প্রজাদের খোঁজখবর নিতেন। অথচ আমরা এসি ঘরে বসে আরামে থেকে ওমরের শাসন চাই। তিনি জোর দিয়ে বলেন, ইসলাম এত সহজ নয়।
দোয়া ও মোনাজাত
মাহফিলের শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, ছারছীনা শরীফের বাহরে শরিয়ত মোজাদ্দেদে জামান আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর প্রথম এবং আলহাজ আব্দুর রউফের পঞ্চম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়।