মানববন্ধনের আয়োজন ও অংশগ্রহণ
রোববার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে শহরের নিউমার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে মহান বিপ্লবী শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তাদের বক্তব্য ও দাবি
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। তাঁরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে স্বাধীন গণমাধ্যমগুলোর ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু একটি উগ্র গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়াচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন যে, সাংবাদিক হত্যাসহ একের পর এক গুরুতর অপরাধ সংঘটিত হলেও সরকার অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাঁরা মনে করিয়ে দেন, '২৪-এর অভ্যুত্থান একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই হয়েছিল'।
শহীদ হাদি ও সহিংসতা প্রসঙ্গে
বক্তারা বলেন, মহান বিপ্লবী শরিফ ওসমান হাদি কখনোই ভাঙচুর ও অগ্নিসংযোগের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে— সন্ত্রাস ও সহিংসতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। অথচ তাঁর মৃত্যুর খবরকে কেন্দ্র করে একটি উগ্রবাদী গোষ্ঠী 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার'-এর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
অপরাধীদের দ্রুত শাস্তির আহ্বান
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে খুলনার ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ
সভাপতির বক্তব্য ছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন 'প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুণ ব্যানার্জি, হোসেন আলীসহ অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।