অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হওয়ার কারণ নিয়ে প্রশ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগেতো এমনটি ছিল না, অপরাধ করার পর কয়েক দিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেতো।”
রোববার (২২ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রশাসনের প্রতি কড়া বার্তা ও হুঁশিয়ারি
পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, “আমি পুলিশ প্রশাসনকে বলছি আপনারা তৎপর হোন, নাহলে আপনাদের প্রতি সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এ দেশে অন্ধকার নেমে আসবে।”
তিনি আরও বলেন, “কোনো দুষ্কৃতিকারী, অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে সেটাই আমাদের দেখতে হবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে।”
আওয়ামী লীগের কঠোর সমালোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “এদের অত্যাচার,নৃশংসতা, ভয়াবহতা, রক্ত পিপাসু ও এদের চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল।”
তিনি বলেন, “৫ আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই, তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবেনা।”
চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা হাদিকে গুলি করে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, “লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে।”