সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে কয়েকটি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার কারণে ২৫ ডিসেম্বর স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) ও রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের যাত্রা ওই দিনে স্থগিত থাকবে। বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন ও কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।
চাহিদার ভিত্তিতে যে রুটগুলোতে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর, পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।
নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে জানানো হয়েছে।
তবে তিনটি ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি–২০২৫ যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।