সারপ্রাইজ শুরু হোক রাত বারোটায়
অনেক সময় দেখা যায় নাটক-সিনেমাতে স্বামী তার বিবাহ বার্ষিকীর তারিখ ভুলে যান—যা নিয়ে স্ত্রী রাগ করেন। কিন্তু বাস্তব জীবনে এমনটা যেন না হয়, সেজন্যই বিশেষ এই দিনে স্ত্রীকে আনন্দ দিতে কিছু তাৎক্ষণিক সারপ্রাইজিং উপহার দিয়ে দিনটির সূচনা করতে পারেন। মনে রাখতে হবে, এসব উপহার কিন্তু রাত বারোটার পরই দিনটিকে মনে করিয়ে দেবে।
ফুল: ভালোবাসার প্রথম ভাষা
কম বাজেটে স্ত্রীকে তাৎক্ষণিক কিছু উপহার দিতে চাইলে ফুল একটি চমৎকার পছন্দ। বিভিন্ন রকমের ফুল কিংবা ফুলের তোড়া দিতে পারেন। ফুল ভালোবাসে না এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর, তাই ফুল হোক আপনার ভালোবাসার মানুষটির জন্য প্রথম উপহার।
চকলেট: মিষ্টি ভালোবাসার প্রতীক
এক বাক্স চকলেট অথবা বিভিন্ন রকমের চকলেটের মাধ্যমেও স্ত্রীকে চমকে দিতে পারেন। কনফেকশনারি দোকানগুলোতে বিভিন্ন আকৃতির চকলেট পাওয়া যায়। রাত বারোটার পর এই সারপ্রাইজ উপহার আপনার প্রতি স্ত্রীর ভালোবাসা আরও বাড়িয়ে তুলবে।
কেক ও শুভেচ্ছা কার্ড
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ কোনো বার্তা লিখে কেক অর্ডার করতে পারেন। এটি যেমন আপনার স্ত্রীকে চমকে দেবে, তেমনি খুশিও করবে। এছাড়াও বাজার থেকে তার পছন্দের নকশার শুভেচ্ছা কার্ড কিনে রাখতে পারেন।
দীর্ঘমেয়াদি আনন্দ দেবে যেসব উপহার
তাৎক্ষণিক উপহারের পর এবার আসা যাক দীর্ঘমেয়াদে আনন্দ দেবে এমন কিছু উপকরণের কথায়, যা আপনার স্ত্রীকে আরও বেশি চমকে দেবে। এই উপহারগুলো ব্যবহারের সময় আপনার কথা বারবার মনে করিয়ে দেবে।
পছন্দের পোশাক
স্ত্রীর জন্য উপহার হিসেবে তার পছন্দের যেকোনো পোশাক কিনতে পারেন। নারীদের পছন্দের তালিকায় সালোয়ার-কামিজ, টপস, জিন্স, স্কার্ট, কুর্তি, গাউন, লেহেঙ্গা, ফতুয়া, শাড়ি ও ব্লাউজের মতো পোশাক থাকে। স্ত্রীর রুচি অনুযায়ী এখান থেকে উপহার নির্বাচন করুন।
আকর্ষণীয় পারফিউম কালেকশন
ভিন্ন রং ও সুবাসের পারফিউম বাজারে সহজলভ্য। নারীরা পারফিউম পছন্দ করে এবং উপহার হিসেবে পেলে তারা আরও খুশি হয়। তার পছন্দের ব্র্যান্ডের একটি পারফিউম উপহার দিতে পারেন।
স্মার্টফোন বা আইফোন
বিবাহ বার্ষিকীতে শ্রেষ্ঠ উপহার হতে পারে একটি নতুন মোবাইল ফোন। বাজেট অনুযায়ী তার পছন্দের ট্রেন্ডিং ফোন কিংবা আইফোন কিনে দিতে পারেন। একইসঙ্গে ফোনের কভার উপহার দিলে চমকটি পূর্ণতা পাবে।
গয়না: নারীর চিরন্তন পছন্দ
গয়নার প্রতি ভালো লাগা নেই এমন কোনো নারী খুঁজে পাওয়া কঠিন। যদি বাজেটে টান থাকে, তাহলে আংটি, হাতের ব্রেসলেট কিংবা নাকফুলের মতো ছোট কোনো গয়না কিনে দিতে পারেন। আর যদি হাতে পর্যাপ্ত টাকা থাকে, তবে নেকলেস, কানের দুল, পায়েল অথবা ডায়মন্ডের গয়নাও দেওয়া যেতে পারে।
উপহার পর্বের পর বিশেষ আয়োজন
উপহার পর্ব শেষে স্ত্রীকে নিয়ে বাইরে কোথায় ঘুরতে যেতে পারেন। ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে তার পছন্দের খাবার অর্ডার করতে পারেন, যা এই দিনটিকে আরও বিশেষ করে তুলবে।
এছাড়াও, এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশে কিংবা দেশের বাইরে কয়েক দিনের জন্য তাকে ভ্রমণের অফার দিতে পারেন। এমন একটি ভ্রমণ স্ত্রীকে দীর্ঘদিনের জন্য সতেজ ও আনন্দিত রাখবে।