কূটনীতিক তলব: পাল্টাপাল্টি পদক্ষেপ
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে 'চায়ের আমন্ত্রণ' জানিয়ে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এই খবর নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া। এই তলবটি আসে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দুই দেশ চার দফায় একে অন্যের কূটনীতিককে তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করল।
ঢাকায় তলব ও উদ্বেগের কারণ
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে বাংলাদেশ গভীর উদ্বেগ জানায়। উদ্বেগের প্রধান কারণ ছিল— ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদান এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসাকেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের দ্বারা ভাঙচুরের ঘটনা।
দিল্লির অভিযোগ এবং বাংলাদেশের জবাব
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম বাংলাদেশের কাছে একটি অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে।
জবাবে বাংলাদেশের হাইকমিশনার এই অভিযোগ খণ্ডন করে বলেন, বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে বাস্তবতার নিরিখেই নিজেদের অবস্থান তুলে ধরছে।