ব্যক্তি অধিকার রক্ষায় আদালতের পদক্ষেপ
বলিউড তারকাদের মধ্যে ব্যক্তি অধিকার রক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার তালিকায় এবার যুক্ত হলো অভিনেতা আর মাধবনের নাম। এর আগে সালমান খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইও একই কারণে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।
সোমবার (২২ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের ছবি ও ভিডিওর অবৈধ ব্যবহার নিয়ে তিনি দিল্লি হাইকোর্টে মামলা করেন। বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাধবনের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এই আবেদনের ভিত্তিতে দিল্লি আদালত দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।
ডিপফেক ও ভুয়ো ট্রেলারের শিকার
জানা গেছে, আর মাধবন ডিপফেকের শিকার হয়েছিলেন। অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়ো বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, তার ছবি ব্যবহার করে 'কেশরী ৩' ও 'শয়তান ২'-এর মতো সিনেমার ভুয়ো ট্রেলারও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। এই বিষয়ে অভিনেতার আইনজীবী জানিয়েছেন, এর আগেও মাধবন এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তবে এবার তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন।
আদালতের জরুরি নির্দেশিকা
মাধবনের আবেদনের প্রেক্ষিতে দিল্লি আদালত তাৎক্ষণিকভাবে অভিনেতার ছবি ও ভিডিও ব্যবহারকারী ওয়েবসাইটগুলোকে অবিলম্বে সেই কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
তবে আদালত আরও উল্লেখ করেছে যে, এআই (AI) দ্বারা নির্মিত এই ধরনের কনটেন্ট সাময়িকভাবে সরিয়ে নেওয়া সম্ভব হলেও ভবিষ্যতে তা আবার ফিরে আসার সম্ভাবনা থেকেই যায়। আগামী ২০২৬ সালের মে মাসে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
চলচ্চিত্রে মাধবন
চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর' সিনেমায় সবশেষ আর.মাধবনকে দেখা গেছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় মাধবনের পাশাপাশি রণবীর সিং, অক্ষয় খান্না এবং সঞ্জয় দত্তসহ একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন।