তারেক রহমানকে সম্মানে সরে দাঁড়ালেন পার্থ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করার ঘোষণার পর বড় ধরনের পরিবর্তন এসেছে জোটের সমীকরণে। এর আগে শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে প্রাথমিকভাবে আসনটি ছেড়ে দিয়েছিল বিএনপি। কিন্তু তারেক রহমান নিজেই এই আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ায় সরে দাঁড়িয়েছেন পার্থ।
রোববার (২৮ ডিসেম্বর) এই ঘোষণার পর তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।”
ভোলা-১ আসন থেকে পার্থর মনোনয়ন দাখিল
ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেও, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নিজের পৈতৃক আসন ভোলা-১ থেকে মনোনয়ন সাবমিট করেছেন বলে জানান। তিনি আরও যোগ করেন, “আমি ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।”
মনোনয়ন ফরম সংগ্রহ
জানা যায়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপি জোটের গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতার এভাবে সরে যাওয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অংশগ্রহণের ঘোষণা এই নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।