তাহসান খান ও রোজা আহমেদ: বছরের প্রথম চমক
২০২৫ সালের শুরুতেই বিনোদন জগতে আসে এক বড় চমক। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান কোনো পূর্বঘোষণা বা আড়ম্বরপূর্ণ আয়োজন ছাড়াই গত ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘরোয়া পরিবেশে গাঁটছড়া বাঁধেন। নীরবে সম্পন্ন হওয়া এই বিয়ের খবর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা ও আলোচনা। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তার আলোচিত দাম্পত্য জীবন ছিল। বছরের শুরুতেই তাহসানের এই হঠাৎ সিদ্ধান্ত শোবিজকে এক নাটকীয় মোড় এনে দেয়।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব: ১৩ বছরের পরিণয়
দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি, আড়াল এবং অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পরিণয়ে রূপ নেয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে তারা নতুন জীবন শুরু করলেও, খবরটি প্রকাশ্যে আনেন কিছুদিন পর, ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে একান্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এটি বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত ও আবেগঘন বিয়ের মধ্যে অন্যতম ছিল।
শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব: দ্বিতীয় অধ্যায়ের সূচনা
প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা এবং দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে ২০১৮ সালে তিনি হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন।
শামীম হাসান সরকার ও আফসানা প্রীতি
চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন। শামীম প্রায়শই মজা করে বিয়ের কথা বলতেন, তাই প্রথম দিকে তার আসল বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা ধোঁয়াশা ছিল, যা পরে অভিনেতা নিজেই স্পষ্ট করে দেন।
জামিল হোসেন ও মুনমুন আহমেদ
জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন চলতি বছরের গত ৬ এপ্রিল বিয়ে করেন অভিনেত্রী মুনমুন আহমেদকে। অভিনয়ের সুবাদেই দুজনের পরিচয় হয়েছিল, যা পরে ভালোলাগা থেকে পরিণয়ে গড়ায়। মুনমুন আহমেদও অভিনয়ের সঙ্গে যুক্ত এবং তারা বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন।
রাফায়েল আহসান ও মায়মুনা মম
বছরের শেষের দিকে আলোচিত তারকা দম্পতি হিসেবে নতুনভাবে যুক্ত হন নির্মাতা রাফায়েল আহসান ও অভিনেত্রী মায়মুনা মম। খুব অল্প সময়ের প্রেমের পর গত ২১ নভেম্বর পারিবারিক আয়োজনে তারা বিয়ে করেন।
আলো-ক্যামেরার বাইরের এই বাস্তব গল্পগুলো তারকাদের আরও মানবিক করে তুলেছে দর্শকের চোখে। ২০২৫ সালটি দেশের শোবিজ অঙ্গনে ভালোবাসা আর নতুন শুরুর বছর হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।