২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা
শনিবার (২৭ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের (OEA) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেলকে পুনঃনির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনজন– বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কেএম জিয়াউল হক এবং আরটিভির এমএএইচএম কবির আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদকের পদে এসেছেন ডিবিসির কামরুল ইসলাম রুবেল ও দৈনিক কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের পলাশ মাহমুদ এবং সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাবের এসএ রহমান গালিব।
এছাড়াও, অর্থ সম্পাদক হিসেবে স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক হিসেবে দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন জামিল ও বার্তা২৪.কম -এর মানসুরা চামেলী।
বার্ষিক সাধারণ সভা ও আলোচনা
এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান শরীফ। সভায় অর্থ সম্পাদক মঈন বকুল ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। একইসঙ্গে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনা শেষে উভয় প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
আলোচনা পর্বে সংগঠনের সদস্য ও ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের একাধিক সম্পাদক ও সাংবাদিক উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন– চ্যানেল আই -এর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের মঞ্জুরুল হক, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ, দৈনিক ইত্তেফাকের রিজুয়ানা রিন্তী, বৈশাখী টেলিভিশনের এইচএম নাহিয়ান, সময় টেলিভিশনের সায়েদুল মাহমুদ এবং আরও অনেকে।