রামায়ণ পার্ট-১ প্রাচীন মহাকাব্যের গল্পে নির্মিত এই সিনেমায় উঠে আসবে এক যুবরাজ ও এক রাজকন্যার জীবনসংগ্রাম। বিবাহের পর আকস্মিক নির্বাসন তাদের জীবনে এক অনিশ্চিত যাত্রা ডেকে আনে, যা ভালোবাসা, কর্তব্য ও নিয়তির কঠিন পরীক্ষায় ভরে ওঠে। এই ঘটনাপ্রবাহই ভবিষ্যতের আরও বড় চ্যালেঞ্জ ও মহাকাব্যিক সংঘাতের ভিত্তি গড়ে দেয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওলসহ অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে।
লাভ অ্যান্ড ওয়ার নির্মাতা সঞ্জয় লীলা বানসালির প্রথম কাজ এটি, যেখানে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখা যাবে। ছবিটি নাকি দুই সেনা কর্মকর্তা (রণবীর ও ভিকি অভিনীত চরিত্র) এবং আলিয়া ভাটকে ঘিরে গড়ে ওঠা এক জটিল ত্রিমুখী প্রেমকে কেন্দ্র করে আবর্তিত। এখানে কর্তব্য ও আকাঙ্ক্ষার টানাপোড়েনে জড়িয়ে পড়েন আলিয়ার চরিত্রটি। যুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট।
টক্সিক অতীতের এক সময়কে ঘিরে নির্মিত এই গল্পের পটভূমি গোয়ার উপকূল। রোদঝলমলে সৈকত ও বর্ণিল সংস্কৃতির আড়ালে কীভাবে এক শক্তিশালী মাদকচক্র পুরো এলাকা নিয়ন্ত্রণ করে, সেই রোমাঞ্চকর কাহিনিই উঠে আসবে এই সিনেমায়। গীথু মোহনদাসের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশিসহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ।
ধুরন্ধর টু সিনেমার এই পর্বে হামজা আলী মাজারি ছদ্মবেশে পাকিস্তানের অপরাধজগতে সক্রিয়ভাবে কাজ করে যেতে দেখা যাবে জস্কিরাত সিং রাঙ্গি নামের এক ব্যক্তিকে। গোপন অভিযানের অংশ হিসেবে তিনি অপরাধচক্রের গভীরে প্রবেশ করেন এবং একই সঙ্গে রহস্যময় 'মাজো'-র সন্ধানে অনুসন্ধান চালিয়ে যান। এই বিপজ্জনক মিশনকে ঘিরে গল্পে তৈরি হচ্ছে টানটান উত্তেজনা। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুনসহ আরও অনেকে। ছবিটি এ বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কিং (King) গুরু ও শিষ্যকে কেন্দ্র করে এক রুদ্ধশ্বাস অভিযানের গল্প নিয়ে আসছে ‘কিং’। বিপদসংকুল পথ, সীমাহীন প্রতিকূলতা আর নির্মম পরিবেশ সবকিছুর মধ্য দিয়েই এগোতে হয় তাদের। টিকে থাকার লড়াইয়ে বারবার পরীক্ষার মুখে পড়ে অভিজ্ঞতা, ধৈর্য ও পারস্পরিক বিশ্বাস। গল্পটি কেবল শারীরিক সংগ্রামের নয়, বরং মানসিক দৃঢ়তা ও মানবিক সম্পর্কের গভীরতাও তুলে ধরে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। অভিনয়ে রয়েছেন শাহরুখ খান, সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোনসহ আরও অনেকে। সিনেমাটি ২০২৬ সালের তৃতীয় বা চতুর্থ ভাগে মুক্তির কথা রয়েছে।
ব্যাটল অব গালওয়ান (Battle of Galwan) গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই সিনেমা। যেখানে বলিউড ভাইজান সালমান খান অভিনয় করেছেন কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই সিনেমায় সালমানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাস চৌধুরী, অঙ্কুর ভাটিয়াসহ আরও অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ এপ্রিল।
ও রোমিও (O Romeo) এই সিনেমায় স্বাধীনতা-পরবর্তী মুম্বাইকে কেন্দ্র করে উঠে আসছে এক সময়ের অন্ধকার জগতের গল্প। বদলে যেতে থাকা শহরের পটভূমিতে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আন্ডারওয়ার্ল্ড, যার প্রভাব ছড়িয়ে পড়ে রাজনীতি, ব্যবসা ও সাধারণ মানুষের জীবনেও। বিশাল ভরদ্বাজের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন শহিদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকরসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি।