সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একটি খাল থেকে অপহৃত ঢাকার দুই পর্যটক এবং একটি ইকো রিসোর্টের পরিচালককে উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। শুক্রবার অপহৃত হওয়ার পর রবিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
যৌথ অভিযানে উদ্ধার পুলিশ জানিয়েছে, কোস্টগার্ড ও দাকোপ থানা পুলিশের একটি যৌথ দল খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের গোলকানন রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করে। অপহৃতরা হলেন ঢাকার পর্যটক মো. সোহেল ও মো. জনি এবং 'গোলকানন রিসোর্ট'-এর অন্যতম পরিচালক শ্রীপতি বাছাড়।
অপহরণের ঘটনা গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটককে নিয়ে রিসোর্ট পরিচালক শ্রীপতি বাছাড় একটি ডিঙি নৌকায় করে সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশনের ঘাগরামারী টহল ফাঁড়িসংলগ্ন কেনুয়ার খালে ভ্রমণে বের হন। সন্ধ্যার কিছু আগে ফেরার পথে 'মাসুম বাহিনী' পরিচয়ে বনদস্যুরা তাদেরকে জিম্মি করে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। অপহৃত হওয়ার পর থেকেই কোস্টগার্ড ও পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য স্থানীয় সূত্র ও বন বিভাগ জানিয়েছে, রিসোর্ট কর্তৃপক্ষ বন বিভাগের কোনো প্রকার অনুমতি না নিয়েই পর্যটকদের নিয়ে বনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিল। ঢাংমারী নদীর এই শাখা খালটি ডলফিন (শুশুক ও ইরাবতী) অভয়াশ্রম হিসেবে সংরক্ষিত। এই নিষেধাজ্ঞা অমান্য করেই তারা গহীন বনে প্রবেশ করেন, যার ফলে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে।