দলবদলের ঘোষণা
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিকেলে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের ওই নেতারা বিএনপিতে যোগদান করেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
যোগদানকারী নেতাদের পরিচয়
যেসব নেতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা হলেন—উপজেলার মাঝারাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সহসভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর। এই পাঁচ নেতার সঙ্গে আওয়ামী লীগের সহস্রাধিক কর্মী-সমর্থকও বিএনপিতে যোগ দেন।
নেতাদের বক্তব্য
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর। তিনি বলেন, “মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সকল পদপদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজকে থেকে আমরা সবাই বিএনপিতে যোগদান করলাম।”
পদত্যাগের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে নেতারা জানান, “কোনো ধরনের চাপের মুখে আমরা পদত্যাগ করছি না। আমরা নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে এখন থেকে আমরা বিএনপি নেত্রীর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সঙ্গে কাজ করে যাব। আমরা ইতোমধ্যে আমাদের লিখিত পদত্যাগ সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
দোয়া অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম রিংকু ছাড়াও নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মো. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।