নাক বন্ধের কারণ ও দ্রুত স্বস্তির কৌশল নাক বন্ধ হওয়ার মূল কারণ হলো নাকের ভেতরের রক্তনালী ফুলে যাওয়া এবং মিউকাস বা শ্লেষ্মা জমা হওয়া। ঠান্ডা লাগা, ফ্লু, অ্যালার্জি এবং শুষ্ক আবহাওয়া এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। তবে নিচের সহজ কৌশলগুলো অনুসরণ করে সহজেই এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
১. স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করুন নাকের ভেতর জমে থাকা মিউকাস, ধুলা এবং অ্যালার্জেন দূর করতে স্যালাইন পানি অত্যন্ত কার্যকর। নেটি পট, স্প্রে বা স্কুইজ বোতলের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। মনে রাখবেন, সর্বদা ফুটিয়ে ঠান্ডা করা বা ডিস্টিল্ড পানি ব্যবহার করতে হবে যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে।
২. গরম ভাপ নিন গরম পানির ভাপ নিলে নাকের ভেতরের মিউকাস নরম হয়ে যায়, ফলে নাক খোলা সহজ হয়। গরম পানিতে গোসল করলেও একই সুবিধা পাওয়া যায়। চাইলে নাক বা কপালে গরম সেঁক (হট কম্প্রেস) দেওয়াও আরামদায়ক হতে পারে।
৩. পর্যাপ্ত পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখলে মিউকাস পাতলা হয় এবং সহজে শরীর থেকে বেরিয়ে আসতে পারে। পানি, গরম চা বা স্যুপ নাক বন্ধের অস্বস্তি কমাতে খুবই উপকারী।
৪. ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করুন, তবে সাবধানে নাকের স্প্রে বা ডিকনজেস্ট্যান্ট ওষুধ দ্রুত আরাম দেয়, কারণ এটি নাকের রক্তনালী সংকুচিত করে। তবে বিশেষজ্ঞদের মতে, ৩ থেকে ৫ দিনের বেশি এটি ব্যবহার করা উচিত নয়। দীর্ঘ সময় ব্যবহার করলে 'রিবাউন্ড কনজেশন' হয়ে নাক আরও বেশি বন্ধ হয়ে যেতে পারে। হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক।
৫. হিউমিডিফায়ার ব্যবহার করুন শীতকালে বা শুষ্ক আবহাওয়ায় হিউমিডিফায়ার যন্ত্র ঘরের বাতাসে আর্দ্রতা যোগ করে। এই আর্দ্রতা নাকের প্রদাহ কমাতে এবং শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে।
৬. ঘুমানোর সময় মাথা উঁচু রাখুন চিৎ হয়ে শুলে বা মাথা নিচু রাখলে নাক বেশি বন্ধ লাগে। ঘুমানোর সময় অতিরিক্ত একটি বালিশ ব্যবহার করে মাথা একটু উঁচু রাখলে মিউকাস সহজে নিচে নেমে আসে এবং রাতে শ্বাস-প্রশ্বাস নেওয়া সহজ হয়।
৭. হালকা ব্যায়াম করুন হালকা হাঁটা বা স্ট্রেচিং জাতীয় ব্যায়াম নাকের রক্ত সঞ্চালন বাড়াতে পারে, যা শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করে।
৮. গরম ও ঠান্ডা কম্প্রেস ব্যবহার করুন নাকের পাশে গরম বা ঠান্ডা কম্প্রেস দিলে সাইনাসে জমা হওয়া চাপ কমতে পারে এবং নাক খোলা সহজ হতে পারে।
কখন ডাক্তার দেখাবেন? নাক বন্ধ হওয়া অস্বস্তিকর হলেও ওপরের সহজ কৌশলগুলো তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে যদি নাক দীর্ঘদিন বন্ধ থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয় বা অন্য কোনো জটিলতা দেখা দেয়, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।