নয়াপল্টনে মরদেহ ও জানাজা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা সম্পন্ন হবে।
বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
কারওয়ান বাজারে হামলার ঘটনা গতকাল বুধবার রাতে কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এই হামলায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে একজনও গুরুতর আহত হন। আবু সুফিয়ান তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে মোট ৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাত ৮টার দিকে ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজারের উল্টোদিকে স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মুসাব্বির ও আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আবু সুফিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. জাবেদ জানান, আহত মাসুদকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হলেও পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত আবু সুফিয়ানের পেটের বাম পাশে গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির নিহত হয়েছেন। তার মরদেহ বিআরবি হাসপাতালে আছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।”