দেশব্যাপী ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির জরুরি চিঠি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের কথা উল্লেখ করে বলা হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের জাতীয় পর্যায়ের কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে এবং উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যেভাবে পাঠাতে হবে দৈনিক কার্যক্রমের তথ্য স্মারকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনের কার্যক্রমের তথ্য 'জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা' অনুসরণ করে একটি নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় ([email protected]) পাঠাতে হবে। সময়মতো এবং সঠিকভাবে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের তথ্য জমা দিতে হবে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্বের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে রয়েছে:
- শ্রেষ্ঠ শিক্ষার্থী
- শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
- শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান
- শ্রেষ্ঠ প্রতিষ্ঠান
- শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার
- শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার ইত্যাদি ক্যাটাগরিতে তথ্য সংগ্রহ করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাউশিতে জমা দিতে হবে। এই প্রক্রিয়া শিক্ষা খাতে গুণগত মানোন্নয়ন ও সংশ্লিষ্টদের কাজের স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।