সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে 'তূর্যধ্বনি' এবং 'গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা' হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) আসনের বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, দুঃসময়ে, দমনপীড়নের মধ্যেও তিনি ছিলেন সাহস, শক্তি ও আশার প্রতীক। গণতন্ত্রের জন্য তাঁর আজীবন সংগ্রাম জাতির স্মৃতিতে চিরন্তন হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কাইমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়া পরিবারের বীরোচিত ভূমিকা কবীর আহমেদ ভূঁইয়া বলেন, দেশের রাজনৈতিক মোড়-ঘোরানো মুহূর্তগুলোতে জিয়া পরিবার বারবার বীরোচিত ভূমিকা রেখেছে। তাই মানুষের হৃদয়ের স্পন্দন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ‘আমরা এই দলের পাশাপাশি দেশ ও গণতন্ত্রের জন্য একজন নিবেদিত কর্মী হিসেবে সারাজীবন কাজ করে যাব।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির দুঃসময়ের রাজনীতির চিত্র তুলে ধরে কবীর আহমেদ ভূঁইয়া জানান, দলের চরম দুঃসময়ে তিনি মাঠে ছিলেন। তিনি ভবিষ্যতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গণমুখী ও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রান্তিক মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়ে বেগম জিয়া পরপারে চলে গেলেও তিনি আমাদের সংগ্রামের প্রেরণার উৎস হয়ে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ কাইয়ুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।