নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি সম্প্রতি একটি অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না এবং তাঁর প্রশাসন 'বাংলাদেশ চায় না'। কাঠমান্ডুতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশের 'অস্থিতিশীল পরিস্থিতি'র সাথে তুলনা সুশীলা কারকি নেপালের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, তাঁর প্রশাসন কোনোভাবেই নেপালকে বাংলাদেশের মতো 'অস্থিতিশীল পরিস্থিতির' দিকে নিয়ে যেতে চায় না। তিনি বলেন, 'আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না।' এই মন্তব্যটি নেপাল ও বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সরকারের ওপর ক্রমাগত চাপ ও সমালোচনা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি রাজনৈতিক দল এবং তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি 'আকস্মিক ঝড়ের' সঙ্গে তুলনা করেন এবং আক্ষেপ করে বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিদিন সরকারের সমালোচনা করছে ও পদত্যাগের হুমকি দিচ্ছে।
তরুণ সমাজের বিরুদ্ধে ক্ষোভ প্রধানমন্ত্রী কারকি জেন-জি (Gen-Z) তরুণ সমাজের ক্রমাগত চাপেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জেন-জি তরুণেরাও প্রতিদিন বলছে— 'আজ ছাড়ো, কাল ছাড়ো'। তিনি জানান, কাজ করার সুযোগ দেওয়ার পরও সরে দাঁড়ানোর কথা বলে তাকে অপমান করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে এবং তিনি কোথাও শান্তি পাচ্ছেন না। তিনি সব বাধা ও অপমান সহ্য করে ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।